এশিয়ান ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন

সংগৃহীত ছবি
‘সুশাসন, বিচার এবং নৈতিক নেতৃত্ব’ প্রতিপাদ্য নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন। আগামীকাল শুক্রবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে হবে এ সম্মেলনের উদ্বোধনী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
আয়োজকরা জানান, এবারের প্রতিপাদ্য বিশ্বজুড়ে শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, নেপাল, পাকিস্তান, সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের গবেষকদের কাছ থেকে ১৭৫টি গবেষণাপত্র জমা পড়েছে।
সম্মেলনের লক্ষ্য নৈতিক নেতৃত্ব, সুশাসন ও ন্যায়বিচার নিয়ে গঠনমূলক আলোচনা এগিয়ে নেওয়া এবং সাম্যভিত্তিক সমাজ গঠনে অবদান রাখা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ মোতালিব চৌধুরী এক বার্তায় সংশ্লিষ্ট সবাইকে উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।



