পার্সোনালিটি রাইটস রক্ষায় দিল্লি হাইকোর্টে আল্লু অর্জুন

আল্লু অর্জুন
‘পুষ্পা’ খ্যাত তারকা আল্লু অর্জুন তার ব্যক্তিগত পরিচয় এবং ইমেজ রক্ষার জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন। তার অভিযোগ, অনেক ক্ষেত্রে তার অনুমতি ছাড়াই বিভিন্ন বাণিজ্যিক পণ্য এবং বিজ্ঞাপনে তার নাম, ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছে। এই ধরণের শোষণ বন্ধ করতেই তিনি আইনি সুরক্ষা চেয়েছেন।
পার্সোনালিটি রাইটস একজন ব্যক্তির আইনি অধিকার, যার মাধ্যমে তিনি তার নাম, চেহারা, কণ্ঠ কিংবা স্বাক্ষর যেগুলো একান্তই তার নিজস্ব পরিচয়, সেগুলোর বাণিজ্যিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন। এর দুটি প্রধান দিক রয়েছে,
রাইট অফ পাবলিসিটি: অনুমতি ছাড়া কারো ছবি বা নাম বিজ্ঞাপনে ব্যবহার থেকে সুরক্ষা দেয়।
রাইট টু প্রাইভেসি: ডিপফেক ভিডিও, বিকৃত ছবি কিংবা ভুয়া প্রচারণার মাধ্যমে কারো সম্মানহানি রোধ করে।
সম্প্রতি কার্তিক আরিয়ানও বম্বে হাইকোর্ট থেকে একই ধরণের সুরক্ষা পেয়েছেন। বিনোদন জগতের তারকাদের ক্ষেত্রে এই ধরণের অধিকার রক্ষা করা এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে।
আইনি লড়াইয়ের পাশাপাশি আল্লু অর্জুন বর্তমানে তার মেগা প্রজেক্ট ‘রাকা’ নিয়ে ব্যস্ত। অ্যাটলি পরিচালিত প্রায় ৭০০ কোটি বাজেটের এই সিনেমায় তার সাথে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং রাশমিকা মান্দানাকে। খবর অনুযায়ী, মুম্বাইয়ে শীঘ্রই সিনেমাটির পরবর্তী দফার শুটিং শুরু হবে এবং ২০২৬ সালের শেষের দিকে এর নির্মাণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিজের ব্র্যান্ড ভ্যালু এবং দর্শকদের কাছে নিজের সঠিক ভাবমূর্তি বজায় রাখতেই আল্লু অর্জুন এই সাহসী পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



