‘ধুরন্ধর ২’ নিয়ে মুখ খুললেন দীপিকা

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন
স্বামী রণবীর সিংয়ের ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক ‘ধুরন্ধর ২’। কিন্তু এই সিনেমার সাফল্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীপিকার পক্ষ থেকে কোনো পোস্ট বা শুভেচ্ছা না আসায় নেটিজেনদের একাংশ তাকে নিয়ে বিদ্রুপ শুরু করেছিল। কেউ প্রশ্ন তুলেছিলেন নির্মাতাদের সঙ্গে তার কোনো বিরোধ নিয়ে, আবার কেউ বলেছিলেন তিনি ইচ্ছে করেই রণবীরের সাফল্য এড়িয়ে যাচ্ছেন। মঙ্গলবার রাতে (৭ এপ্রিল) সেইসব জল্পনা উড়িয়ে দিলেন দীপিকা।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জনৈক ব্যক্তি প্রশ্ন তুলেছিলেন, দীপিকা কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৫০০ কোটি বাজেটের এই সিনেমাকে এড়িয়ে চলছেন? এর প্রতিক্রিয়ায় দীপিকা মন্তব্য করেন, ‘ইন্টারনেট অনেক সময়ই তারকার নীরবতাকে ভুলভাবে ব্যাখ্যা করে। পি.এস: তোমাদের সবার আগে আমি সিনেমাটি দেখেছি । এখন কৌতুকটা কার ওপর রইল?’
আদিত্য ধর পরিচালিত এই স্পাই-অ্যাকশন থ্রিলারটি বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। বিশ্বজুড়ে ইতোমধ্যেই ১ হাজার কোটির ব্যবসা ছাড়িয়েছে সিনেমাটি। রণবীর সিংয়ের পাশাপাশি এতে অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্ত। সিনেমার কাহিনী জাসকিরাত সিং রঙ্গির আসল পরিচয় এবং টানটান উত্তেজনার মধ্য দিয়ে এগিয়েছে।
প্রথম কিস্তি নেটফ্লিক্সে এলেও ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ আসছে নতুন প্ল্যাটফর্ম ‘জিওহটস্টার’ এ। শোনা যাচ্ছে, ১৫০ কোটি রুপির বিশাল অঙ্কে এর ওটিটি স্বত্ব বিক্রি হয়েছে। মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে, থিয়েটারে মুক্তির আট সপ্তাহের মধ্যেই এটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে।
দীপিকার এই ছোট্ট মন্তব্যের পর আপাতত রণবীর-দীপিকা ভক্তদের মনের মেঘ কেটেছে বলা যায়।



