১০০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’

সংগৃহীত ছবি
বক্স অফিসে এখন রীতিমতো তান্ডব চালাচ্ছেন রণবীর সিং। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ সিনেমাটি মুক্তির মাত্র ৯ দিনেই বিশ্বব্যাপী ১১৪০ কোটি রুপির বিশাল অংক স্পর্শ করেছে। শুধু তাই নয়, এই আয়ের মাধ্যমে ভারতের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা’কেও টপকে গেল রণবীর সিংয়ের এই স্পাই-থ্রিলার সিরিজ।
হিসাব বলছে, প্রথম ‘ধুরন্ধর’ এবং নতুন মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজির মোট আয় এখন ২৪৪৭ কোটি রুপিরও বেশি। যেখানে অল্লু অর্জুনের ‘পুষ্পা’ ও ‘পুষ্পা ২’ মিলিয়ে আয় ছিল প্রায় ২২২১ কোটি রুপি। এই মুহূর্তে বক্স অফিসে যেন কোনো প্রতিদ্বন্দ্বীই নেই রণবীরের।
সিনেমাটিতে রণবীর সিংকে দেখা গেছে একজন ভারতীয় গুপ্তচরের চরিত্রে, যে ছদ্মবেশে পাকিস্তানে গিয়ে সন্ত্রাসী আস্তানা ধ্বংস করে। অ্যাকশন আর দেশপ্রেমের এই মিশেলে মুগ্ধ খোদ পুষ্পা স্টার আল্লু অর্জুনও। তিনি রণবীরের অভিনয়ের প্রশংসা করে লিখেছেন, ‘রণবীরের মতো ভাই আমাদের দেশে আছে বলে গর্ব হয়। আদিত্য ধর একদম মাঠের বাইরে বল পাঠিয়েছেন!’
সমালোচকরা এই সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিলেও দর্শকরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন হলে। এখন দেখার বিষয়, সপ্তাহ শেষে এই সিনেমা আরও কত রেকর্ড গুঁড়িয়ে দিতে পারে।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস

