নায়িকার কারণে বিয়ে ভাঙল তরুণীর

সোনম বাজওয়া
পর্দার তারকাদের নিয়ে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। কিন্তু সেই উন্মাদনা যখন কারো ব্যক্তিগত জীবনে কাল হয়ে দাঁড়ায়, তখন তা বেশ বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। অ্যামাজন এমএক্স প্লেয়ারের জনপ্রিয় শো ‘ফেমাসলি ফিট উইথ সোফি’ তে হাজির হয়ে সোনম বাজওয়া জানান, একবার এক তরুণী তার কাছে এসে সরাসরি দাবি করেন যে সোনমের কারণেই তার বাগদান ভেঙে গেছে।
সোনম সেই ঘটনার স্মৃতিচারণ করে বলেছেন, ‘একটি মেয়ে আমার কাছে এসে জিজ্ঞেস করল আমি সোনম বাজওয়া কি না। আমি হ্যাঁ বলতেই সে জানাল, আমার জন্য নাকি তার এনগেজমেন্ট বা বাগদান ভেঙে গেছে। কথাটি শুনে আমি রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কী বলব বুঝতে পারছিলাম না।’
পরে সেই তরুণীই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি জানান, তার প্রাক্তন বাগদত্তা সোনম বাজওয়ার ওপর এতটাই আসক্ত ছিলেন যে, তিনি চাইতেন তার হবু স্ত্রী যেন দেখতে হুবহু সোনমের মতো হন। শুধু তাই নয়, সোনমের মতো জিরো ফিগার বা শরীর তৈরি করার জন্যও তিনি সেই তরুণীকে ক্রমাগত চাপ দিতেন। এক পর্যায়ে এই মানসিক চাপ সহ্য করতে না পেরে সেই তরুণী নিজেই বাগদানটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন।
তবে এই গল্পের শেষটা বেশ আনন্দের। সোনম জানান, সেই তরুণী এখন অন্য একজনের সাথে অত্যন্ত সুখে আছেন। তিনি বর্তমানে যার সঙ্গে এনগেজমেন্ট করেছেন, তিনি তাকে তার মতোই ভালোবাসেন। সোনমও এই কথা শুনে সেই তরুণীর জন্য শুভকামনা জানান এবং খুশি প্রকাশ করেন।
২০১২ সালে ফেমিনা মিস ইন্ডিয়ায় অংশগ্রহণের মাধ্যমে সোনমের যাত্রা শুরু। একই বছর ‘বেস্ট অফ লাক’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘পাঞ্জাব ১৯৮৪’, ‘সর্দার জি’ কিংবা ‘ক্যারি অন জাট্টা ৩’ এর মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। পাঞ্জাবি সিনেমার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু সিনেমাতেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন। সম্প্রতি তাকে ‘হাউসফুল ৫’ এবং ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ সিনেমায় দেখা গেছে।
প্রিয় তারকার মতো হওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা অনেক সময় ব্যক্তিগত সম্পর্কের ওপর কতটা প্রভাব ফেলতে পারে, সোনমের এই গল্পটি যেন তারই এক বাস্তব প্রমাণ।



