জায়েদ খানকে আর্থিক সাহায্য করতে চাইছেন অনেকে

গত ২৮ ফেব্রুয়ারি আগামীর সময়ে চিত্রনায়ক জায়েদ খানের দুটি ছবি প্রকাশ হয়। ছবিতে দেখা যায় অন্য শ্রমিকদের সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতা রীতিমতো নেয়েঘেমে কাজ করছেন। নিউ ইয়র্কের কুইন্স এলাকার রাস্তায় দেখা গেছে এই চিত্র।
সামাজিকমাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পর জায়েদ খানকে অনেকেই আর্থিকভাবে সহায়তা করতে চাইছেন। অনেকেই এরইমধ্যে জায়েদ খানের সঙ্গে যোগযোগ করেছেন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও অর্থ পাঠানোর উপায় সম্পর্কে জানতে-এমনটা জানাচ্ছে নায়কের ঘনিষ্ঠ একটি সূত্র।
এ বিষয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তবে সূত্রটি বলছে, জায়েদ খান ভাইয়ের সঙ্গে দেশ থেকে অনেকেই যোগাযোগ করেছে, তারা জায়েদ ভাইকে আর্থিকভাবে সহায়তা করতে চান। বিভিন্ন দেশের বাংলাদেশিরা একের পর এক ফোন করছেন, তারা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চান।
জায়েদ খান কি আসলেই শ্রমিকের কাজ করছেন, এ বিষয়ে সূত্রটি কোনো তথ্য জানাননি।
এদিকে জায়েদ খান যুক্তরাষ্ট্রে বাধ্য হয়েই থাকছেন। তিনি গিয়েছিলেন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে, কিন্তু ফেরার আগেই দেশের পরিস্থিতি অনুকূল না থাকায় অভিনেতা ফেরেননি। ফলে জায়েদ খানের নিউ ইয়র্কে বসবাস করার মতো প্রস্তুতি ছিল না। তাই সেখানে নানা কায়দায় টিকে থাকার চেষ্টা করছিলেন এই অভিনেতা।
তবে জায়েদ খান নিউ ইয়র্কে ঠিকানা নিউজের সঙ্গে যুক্ত রয়েছেন। একটি জনপ্রিয় শোও উপস্থাপনা করছেন।

