অচেনা ঢাকার বাস্তবতা নিয়ে সিনেমা ‘ঢাকা ১২০৫’

নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নতুন সিনেমা ‘ঢাকা ১২০৫’ নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা ওয়ালিদ আহমেদ। সিনেমাটিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও অভিনেতা রাকিব হোসেন।
সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। নির্মাতার ভাষ্য, ঢাকার ভেতরের অচেনা বাস্তবতাকে সিনেমার ভাষায় তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আয়মন শিমলা, মোহাইমিন ইসলাম গল্প, ড. আফরোজা মোমেন, সুবাইতা, রোমেল, সেঁজুতি, আফিফ খান, রুপম ও জাহিদুল ইসলামসহ অনেকে।
চলচ্চিত্রটিতে র্যাপ, রোমান্টিক ও ভিন্নধর্মী একাধিক গান থাকছে। গানের কথা লিখেছেন ওয়ালিদ আহমেদ ও রেজাউর রহমান রিজভী। পুরো সিনেমার আবহসংগীত পরিচালনা করছেন রুবেল।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ উল্লেখ করেন, ভাবনা ও রাকিবের খুনসুটি এবং সম্পর্কের রসায়ন পুরো সিনেমায় দর্শক দেখতে পাবেন। তার মতে, ঢাকার মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও অদেখা বাস্তবতা মিলিয়ে ‘ঢাকা ১২০৫’ দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হয়ে উঠবে।
নির্মাতা আরও মন্তব্য করেন, ভাবনা অত্যন্ত নিবেদিত একজন শিল্পী। প্রচণ্ড রোদের মধ্যেও তিনি শুটিং চালিয়ে গেছেন। অন্যদিকে রাকিব যেকোনো চরিত্রে দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারেন বলেও তুলে ধরেন তিনি।
এর আগে ওয়ালিদ আহমেদের নির্মিত বিভিন্ন চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেয়েছে। ২০২৩ সালে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘মেঘের কপাট’। এ ছাড়া সজল ও সিন্ডিকে নিয়ে নির্মিত ‘জীবনে খেলা’ সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
এদিকে ৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঢাকা ১২০৫’ লিখে একটি পোস্ট দেন ভাবনা। পোস্টের সঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ ও সহশিল্পী রাকিব হোসেনের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন তিনি। এর পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।



