মিশাকে না নেয়াতেই কি শাকিবের ‘প্রিন্স’ এর এই হাল?

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিনে তার মুক্তিপ্রাপ্ত সিনেমার কার্যত সমালোচনাই করলেন আরেক অভিনেতা মিশা সওদাগর। তার ভাষ্য ভালো সহ অভিনেতা না থাকায় ছবিটির এই হাল! সরাসরি না বললেও শাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে যেন আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’কে বিঁধলেন এই অভিনেতা।
‘প্রিন্স’ চলচ্চিত্রে ঈদের চতুর্থদিনে সীমিতভাবে সিনেপ্লেক্সে মুক্তি পায়। কারিগরী ত্রুটির কারণে ঈদের দিন থেকে ছবিটি চলেনি। দেশের একক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও সিনেমার অসংলগ্ন বিষয়গুলো প্রকট আকারে সমালোচনা তৈরি করে। সিনেমার গল্পের মিল পাওয়া যায়নি- এমন অভিযোগ রয়েছে।
এরইমধ্যে মিশা বলছেন, ‘একজন মেসির যেমন ভালো কোচিং স্টাফ এবং মাঠে আরও ১১ জন যোগ্য খেলোয়াড় দরকার হয় গোল করার জন্য, ঠিক তেমনি একজন নায়কের সাফল্যের জন্য প্রয়োজন দক্ষ পরিচালক, দূরদর্শী প্রযোজক, শক্তিশালী স্ক্রিপ্ট, মানসম্মত চরিত্র এবং দক্ষ সহ-অভিনেতা।’
প্রিন্স সিনেমায় খলচরিত্রে অভিনয় করেছেন বলিউডের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। সিনেমাটি মুক্তির পর গল্প ও নির্মাণ নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অনেকে শাকিবের এই নতুন কাজ নিয়ে সমালোচনাও করছেন। ধারণা করা হচ্ছে, ইন্ডাস্ট্রির বর্তমান এই শূন্যতা ও সিনেমার মান বিবেচনা করেই হয়তো শাকিবকে ভালো সহকর্মী ও কারিগরি সহায়তার গুরুত্ব মনে করিয়ে দিয়েছেন মিশা।
মিশা মনে করেন এই উপাদানগুলোর অভাব থাকলে সব চেষ্টাই বৃথা হতে পারে বলে মনে করেন তিনি। শাকিবের ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টাকে সম্মান জানিয়ে তিনি এই বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানান।
শাকিব ও মিশা সওদাগরকে একসঙ্গে দেখা গিয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায়। গত বছর রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় তারা প্রথাগত নায়ক-ভিলেন হিসেবে নয়, বরং পর্দা ভাগ করেছিলেন বাবা-ছেলের ভূমিকায়। বর্তমান সময়ে ভালো মানের সিনেমার জন্য একটি শক্তিশালী দলগত প্রচেষ্টার যে কোনো বিকল্প নেই, মিশার এই শুভেচ্ছাবার্তায় সেই ইঙ্গিতই ফুটে উঠেছে।
অনেকেই মন্তব্য করছেন মিশা নেই বলেই শাকিব খানের এই সিনেমার এমন হাল হয়েছে।

