‘এটা আমাদেরই গল্প’র ভাইরাল দৃশ্য, পর্দা ও বাস্তব যেন একাকার

(বাঁয়ে) মুহাম্মদ মোস্তফা কামাল রাজের কাঁধে মায়ের খাটিয়া, (ডানে) ‘এটা আমাদেরই গল্প’র দৃশ্য (ছবি: সিনেমাওয়ালা)
সাধারণ দর্শক থেকে তারকা, ‘এটা আমাদেরই গল্প’ সিরিজের প্রশংসায় পঞ্চমুখ সবাই। বিশেষ করে এর ৪৯তম ও ৫০তম পর্ব নিয়ে তুমুল আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরমধ্যে ৫০তম পর্বের বিভিন্ন দৃশ্যের স্থিরচিত্র এখন ভাইরাল। এসবের সঙ্গে একাকার হয়েছে সিরিজটির রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ব্যক্তিজীবনের স্মৃতিচারণ।
সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’র মূল চার চরিত্র ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা আর তাদের পরিবারকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে। বুধবার (২৯ এপ্রিল) মুক্তি পাওয়া ৪৯তম পর্বে দেখা গেছে, ফাহাদ ও সামিরের বাবা মারা গেছে। তার মৃত্যুকে ঘিরে পরিবারের আহাজারি ও আর্তনাদ অনেক দর্শকের চোখে জল এনে দিয়েছে। ইউটিউবে মাত্র ৪৬ মিনিটে ১০ লাখ ভিউ পেয়েছে এই পর্ব। ১৪ ঘণ্টা ২১ মিনিটে এটি দেখা হয়েছে ৯০ লাখ বার।
‘এটা আমাদেরই গল্প’র ৪৯তম পর্ব নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে আবেগাপ্লুত হয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন নির্মাতা রাজ। ফেসবুকে তিনি লিখেছেন, “১৮ বছরের ক্যারিয়ারে আজকের এই ভালোবাসা আমার কাছে একদম নতুন। ‘এটা আমাদেরই গল্প’ নিয়ে আপনাদের অগণিত কল আর মেসেজে আমি সত্যিই অভিভূত। দর্শকদের এই ভালোবাসাই একজন পরিচালকের শ্রেষ্ঠ পুরস্কার। কৃতজ্ঞতা সবার প্রতি!”
বৃহস্পতিবার মুক্তি পাওয়া ৫০তম পর্বের একটি দৃশ্যে দেখা যায়, বাবার মরদেহ রাখা খাটিয়া কাঁধে নিয়েছে ফাহাদ। সেই মুহূর্তের স্থিরচিত্রের সঙ্গে নির্মাতা রাজ বাস্তবে নিজের মায়ের খাটিয়া কাঁধে নেয়ার ছবি জোড়া দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘বাস্তব জীবনে যখন আপন মানুষের খাটিয়া কাঁধে নিয়েছিলাম, মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী ওজনটা বইছি। আজ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে সেই একই দৃশ্য যখন পরিচালনা করছিলাম, হৃদয়ের পুরোনো ক্ষতগুলো আবার নতুন করে জেগে উঠলো। এটা শুধু একটি নাটক নয়, এটা এক সন্তানের পরিবারের প্রতি শেষ বিদায়ের এক টুকরো জীবন্ত যন্ত্রণা।’
‘এটা আমাদেরই গল্প’র ৫০তম পর্ব দ্রুতগতিতে মাত্র ৩৪ মিনিটে দেখা হয়েছে ১০ লাখ বার। ৫০তম পর্বে একজন মৃত ব্যক্তিকে ঘিরে কোরআন তিলাওয়াত, আত্মীয়স্বজনের আসা-যাওয়া, শেষবারের মতো গ্রামবাসীর একনজর দেখা, জানাজার আগে বড় সন্তানের মুখে মৃত বাবার দেনা-পাওনা নিয়ে কথোকথন, জানাজা, দাফন ও দাফনের দোয়াসহ সবকিছু তুলে ধরা হয়েছে।
একটি দৃশ্যে বাবাকে হারানোর শোকে ফাহাদের আহাজারি ও হাহাকার দর্শকদের হৃদয় ছুঁয়েছে। এ চরিত্রে ইরফান সাজ্জাদের অভিনয় আবেগপ্রবণ করেছে অনেক দর্শককে। এসব দৃশ্যে অভিনয়ের আগে নিজের বাবার মৃত্যুর সময়ের স্মৃতিচারণ করেছিলেন রাজ।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বৃহস্পতিবার ফেসবুকে লিখেছেন, ‘মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়া, ইতিহাস গড়ার জন্য আপনাকে অভিনন্দন। বাংলাদেশি নাটকের প্রতি দর্শকদের ভালোবাসা এখন তুঙ্গে। এর অনেকখানি কৃতিত্ব ‘এটা আমাদেরই গল্প’ টিমের। ৫০তম পর্বটি দর্শকদের মনে এক অনন্য ছাপ ফেলেছে। এ ধরনের ভালোবাসা খাঁটি, অকৃত্রিম ও চিরস্থায়ী।’
দেশ-বিদেশ জুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করা ‘এটা আমাদেরই গল্প’ ২০২৫ সালের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে চ্যানেল আইয়ে। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাচ্ছে এর প্রতিটি পর্ব।
গল্পে ফাহাদ ও সামির আপন দুই ভাই। সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। ফাহাদের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করে সামির। মেয়েটির নাম মেহরীন। এ চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। ফাহাদের স্ত্রী সায়রা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল। সিরিজে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি ও অদিতি স্নেহা। চিত্রগ্রহণে আদিত্য মনির।
‘এটা আমাদেরই গল্প’র টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। এটি লিখেছেন মাহমুদ মানজুর। সুর ও সংগীতায়োজনে আরফিন রুমি।




