পরিচালকদের নাম শুনে নাক সিটকালেন কঙ্গনা

কঙ্গনা রানাউত
বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত বরাবরই সোজা কথা সোজাসুজি বলতে পছন্দ করেন। এবার তার নিশানায় সরাসরি বলিউডের তিন প্রভাবশালী পরিচালক করণ জোহর, অনুরাগ কাশ্যপ এবং আদিত্য চোপড়া। সম্প্রতি এক অনুষ্ঠানে এই তিনজনের নাম শুনে রীতিমতো নাক সিটকালেন কঙ্গনা।
এক অনুষ্ঠানে কঙ্গনাকে প্রশ্ন করা হয়েছিল, করণ জোহর, অনুরাগ কাশ্যপ আর আদিত্য চোপড়ার মধ্যে কার পরিচালনা তার বেশি পছন্দ? উত্তরে কঙ্গনা কোনো নাম তো নিলেনই না, উল্টো প্রশ্নকর্তাকেই ধুয়ে দিলেন। কঙ্গনা বলেন, “আমার ফিল্ম মেকিং বা অভিনয়ের রুচি এতটাই নিচু নয় যে এই তিনজনের মধ্যে কাউকে বেছে নিতে হবে। আপনাদের রুচি হয়তো এমন হতে পারে, কিন্তু আমার মান অনেক ওপরে। অন্তত তালিকাটা তো ভালো কাউকে দিয়ে বানাতে পারতেন!”
একই অনুষ্ঠানে সালমান, শাহরুখ ও আমির খান প্রসঙ্গে কঙ্গনা বলেছেন, তারা কেউই তার বন্ধু নন। তবে এদের মধ্যে সালমান খানকে তার বেশ ‘কুল’ মনে হয়। অন্যদিকে বর্তমান প্রজন্মের তিন নেপোকিড জাহ্নবী, সারা আর অনন্যার মধ্যে কাকে ভালো অভিনেত্রী মনে হয় জানতে চাইলে কঙ্গনা টিপ্পনি কেটে অনন্যা পান্ডের নাম নেন। ভক্তদের ধারণা, অনন্যাকে সেরা বলে তিনি আসলে বিদ্রূপই করেছেন।
২০১৭ সালে করণ জোহরের শোতে গিয়ে তাকে ‘নেপোটিজমের হোতা’ আর ‘মুভি মাফিয়া’ বলে যে যুদ্ধ কঙ্গনা শুরু করেছিলেন, তা যেন থামার নামই নেই। কঙ্গনা সবসময়ই অভিযোগ করে এসেছেন যে, এই পরিচালকরা বহিরাগতদের ক্যারিয়ার ধ্বংস করেন আর স্টারকিডদের তোয়াজ করেন।
রাজনীতি আর অভিনয় দুটিই সামলাচ্ছেন কঙ্গনা। সর্বশেষ তাকে ইন্দিরা গান্ধীর বায়োপিক ‘ইমার্জেন্সি’তে দেখা গিয়েছিল। বক্স অফিসে সিনেমাটি খুব একটা সুবিধা করতে না পারলেও কঙ্গনা থেমে নেই। খুব শিগগিরই ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
সুত্র : হিন্দুস্তান টাইমস



