ঢাউস চশমায় মুখ ঢেকে মিলানে আলিয়া, চিনল না গুচি টিমও

মিলান ফ্যাশন উইকে আলিয়া ভাট
মিলান ফ্যাশন উইক মানেই চোখের পলক হারানো সব সাজ আর বিশ্বসেরা তারকাদের মেলা। আর সেখানে যদি উপস্থিত থাকেন বলিউডের ‘গাঙ্গুবাই’ আলিয়া ভাট, তবে তো কথাই নেই। কিন্তু এবার মিলানের রাস্তায় এক অদ্ভুত অভিজ্ঞতার মুখে পড়লেন আলিয়া। বড় কালো চশমায় মুখ ঢেকে এমন লুকে হাজির হলেন যে, খোদ আয়োজক সংস্থা ‘গুচি’র কর্মীরাও তাকে চিনতে হিমশিম খেয়েছেন।
গুচি’র প্রথম ভারতীয় গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আলিয়া অংশ নিয়েছিলেন ব্র্যান্ডটির বিশেষ রানওয়ে শো তে। মাথা থেকে পা পর্যন্ত কুচকুচে কালো লেদার কোট আর চোখ মুখের অর্ধেকের বেশি ঢাকা দেওয়া বড় সানগ্লাসে আলিয়াকে লাগছিল একদম রহস্যময়ী। আলিয়া মজা করে বলেন, “চশমার কারণে কেউ আমাকে চিনতে পারছিল না। এমনকি গুচি টিমের লোকজনও যখন আমাকে খেয়াল করল, তারা তো আকাশ থেকে পড়ল। সবাই চেঁচিয়ে বলছিল ওহ মাই গড, আলিয়া, এটা তুমি!”
পুরো শো দেখে মুগ্ধ আলিয়া। সেখানকার পোশাকের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, “রানওয়েতে মডেলদের পরানো কিছু প্যান্ট দেখে মনে হচ্ছিল যেন মাখন। আমার তো তখনই ওগুলো পরে নিতে ইচ্ছে করছিল।” এছাড়া শো এর নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর ডেমনা গভাসালিয়ার প্রশংসা করে আলিয়া জানান, ফ্যাশন যে মানুষকে স্তব্ধ করে দিতে পারে, তা তিনি মিলানে গিয়ে আরেকবার উপলব্ধি করেছেন।
শো-তে বিশ্ববিখ্যাত সুপারমডেল কেট মস যখন মঞ্চে এলেন, আলিয়া যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। তার মতে, কেট মসের সেই উপস্থিতি ছিল শো এর সেরা মুহূর্ত।
২০২৫ সালের মে মাসে গুচি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে আলিয়া এখন নিয়মিত মুখ। তবে এবারের ‘গথিক’ লুকে নিজেকে আড়ালে রেখে যেভাবে তিনি মিলান জয় করলেন, তা ভক্তদের মনে বেশ কৌতূহল জাগিয়েছে। আলিয়ার এই ‘ইনভিজিবল’ লুক এখন নেট দুনিয়ায় ভাইরাল।
সুত্রঃ নিউজ ১৮

