আগামীর সময়

চাইলেও গাইতে পারছেন না অলকা ইয়াগনিক

চাইলেও গাইতে পারছেন না অলকা ইয়াগনিক

অলকা ইয়াগনিক

বলিউডের প্লেব্যাক জগতের অবিসংবাদিত সম্রাজ্ঞী অলকা ইয়াগনিক। তাকে নিয়ে মন খারাপ করা খবর। দীর্ঘ এক বছর পার হয়ে গেলেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। বিরল এক শ্রবণজনিত সমস্যায় ভুগে গানের জগত থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এই কিংবদন্তি গায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন তিনি।
এনডিটিভি কে দেওয়া সাক্ষাৎকারে অলকা জানান, অনেক নামী সুরকার এখনও নতুন গানের প্রস্তাব নিয়ে তাঁর কাছে আসছেন। কিন্তু শ্রবণশক্তির সমস্যার কারণে তিনি রেকর্ডিং স্টুডিওতে দাঁড়াতে পারছেন না। অলকা আক্ষেপ করে বললেন, ‘মাঝেমধ্যেই কম্পোজাররা আমার সাথে যোগাযোগ করেন, কিন্তু এই শারীরিক অবস্থায় গান গাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’

২০২৪ সালে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলীর ‘অমর সিং চমকিলা’ সিনেমায় এ আর রহমানের সুরে ‘নরম কালজা’ গানটিই ছিল অলকার শেষ রেকর্ড করা গান। এরপর থেকেই হঠাৎ করে কাজ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ভক্তরা ভেবেছিলেন সাময়িক বিরতি, কিন্তু পরে জানা যায় এক ভয়ংকর অভিজ্ঞতার কথা।
অলকা জানান, একটি ফ্লাইট থেকে নামার পর হঠাৎ করেই তিনি দুই কানে শুনতে পাচ্ছিলেন না। পরে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, একটি ভাইরাসের সংক্রমণের ফলে তাঁর শ্রবণশক্তির স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আকস্মিক আঘাত অলকাকে মানসিকভাবেও ভেঙে দিয়েছিল।

নিজে শিল্পী হয়েও অলকা এখন অন্যদের কান নিয়ে সচেতন করছেন। হেডফোনে উচ্চশব্দে গান শোনা বা অতিরিক্ত সাউন্ডে থাকা যে কতটা বিপজ্জনক হতে পারে, তা নিজের জীবন দিয়ে বুঝতে পারছেন তিনি।
নব্বই দশকের রোমান্টিক গানের প্রাণভোমরা অলকা ইয়াগনিক দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক এমনটাই প্রার্থনা করছেন তার কোটি কোটি ভক্ত। সুরের জাদুকরী আবারও মাইক্রোফোনের সামনে দাঁড়াবেন, এমন দিনের অপেক্ষায় আছে বলিউড ইন্ডাস্ট্রি।

    শেয়ার করুন: