শুভমিতার সঙ্গে দ্বিতীয়বার গাইলেন শরীফ

সংগৃহীত ছবি
কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতার সঙ্গে এবার ‘পাশাপাশি’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন বাংলাদেশের শরীফ। ‘পাশাপাশি’ গানে মডেল হয়েছেন শরীফ ও রিকা, গানটির চিত্রায়ণ হয়েছে শ্রীমঙ্গল। গানটির সার্বিক তত্বাবধানে ছিলেন হাবিব মোস্তফা।
শুভ মিতার সঙ্গে নতুন দ্বৈত এই গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী শরীফ বলছেন, শুভমিতার সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। ‘দৃষ্টিহীন’ গানটি শ্রোতারা ভালভাবে গ্রহণ করায় ‘পাশাপাশি’ গানের জন্ম। আমি আমার সবটুকু উজার করে গানটি গেয়েছি। শুভমিতা দিদিকে ধন্যবাদ জানাই তার স্বভাবসূলভ মনোমুগ্ধকর গায়কী দিয়ে গানটিকে অনন্য সুন্দর করে তোলার জন্য।
গীতিকার ও সুরকার আসাদ আফজাল তার অভিমত ব্যক্ত করেছেন এভাবেই, শরীফ আমার কাছে সবসময় একজন গুণী শিল্পী, আমার কথা ও সুরে শরীফ ও শুভমিতার গাওয়া এটি দ্বিতীয় গান । আমি অনেক আনন্দিত যে আমার সৃষ্টি করা বেশ ভালো কয়েকটি গান এর আগেও শরীফ দেশ-বিদেশের স্বনামধন্য শিল্পীদের সঙ্গে গেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বলিউড এর অন্বেষা দত্ত, কলকাতার শুভমিতা ও বাংলাদেশের ন্যান্সি সহ আরও অনেকে।
গানটির গীতিকার ও সুরকার আসাদ আফজাল, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। আসিফ ইসলামের নির্দেশনায় নান্দনিক ভিডিও আকারে ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।



