আগামীর সময়

এফডিসির নিরাপত্তা দেয়াল ভেঙে খাবার হোটেল!

এফডিসির নিরাপত্তা দেয়াল ভেঙে খাবার হোটেল!

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) নিরাপত্তা দেয়াল ভেঙে খাবার হোটেল ভাড়া দেওয়া হয়েছে। বিএফডিসির প্রধান প্রবেশ পথের বা দিকে কারওয়ান বাজার রেল গেইটের কাছের দেয়াল ভেঙে হোটেলটি করা হয়েছে। এর প্রবেশ মুখ রাস্তার দিকে। আর বাকি অংশ এফডিসির ভেতরে, যা কেপিআই’র নিয়ম লঙ্ঘন করে।

অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুমা রহমান তানি এটি করেছেন। একইসঙ্গে এ বিষয়টি বিএফডিসির নিরাপত্তার জন্য হুমকি হবে আশঙ্কা করছেন চলচ্চিত্রের মানুষেরা।

নিয়মের ব্যতিক্রম কেন ঘটল, এমন প্রশ্নের জবাবে মানবিকতা প্রাধান্য পেয়েছে বলে দাবি করছেন ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। তিনি বলছেন, ‘জায়গাটি কালা ভুনার জন্য বিখ্যাত কালুর হোটেলকে ইজারা দেওয়া হয়েছে। তার আগের হোটেলটি কিছুদিন আগে ভেঙে দেওয়া হয়েছিল। ফলে সে আমাদের কাছে আবেদন করে। আমরা মানবিক কারণে তাকে এখানে হোটেল করার অনুমতি দিই।’

এই হোটেলটি নির্মাণ করায় বিএফডিসির নিরাপত্তার কোনো হুমকি হয়নি বলেও মনে করেন বিএফডিসির এই প্রধান কর্ত। তার ভাষ্য, ‘ আমি এটা ভালো করে দেখেছি। এর ভেতর দিয়ে এফডিসিতে কোনোভাবে ঢোকা যায় না। বরং কারওয়ান বাজারের দিক দিয়ে অনেক বহিরাগত ও আজে বাজে লোক দেয়াল টপকে ভিতরে প্রবেশ করত। আমরা তাদেরকে বলেছি, তা দেখে রাখতে— যেহেতু এফডিসির নিরাপত্তাকর্মীর সংখ্যা কম। এছাড়া আমরা তো এটি একদমই ফ্রি ভাড়া দিইনি। মাসিক একটা ভাড়া আসবে এর থেকে।’

তানি এসময় দাবি করেন, কালুর হোটেল আগের জায়গা থেকে উচ্ছেদের শিকার হওয়ায় অনেক পরিচালক-প্রযোজক তাকে জানিয়েছিলেন, তারা শুটিংয়ে ঠিকঠাক খাবার পাচ্ছেন না। তাদের কথাও বিবেচনা করা হয়েছে, হোটেলটি ইজারার ক্ষেত্রে।

দেয়াল ভেঙে হোটেল করায় ক্ষুব্ধ পরিচালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন বলেন, ‘এফডিসি একটি কেপিআইভুক্ত (key point installation) এলাকা। এটার নিরাপত্তা দেয়াল ভেঙে হোটেল করা দুঃখজনক। উনি যদি মানবিক কারণে অনুমতি দিয়েছেন বলেন, তাহলে আমি এটাকে বলব তার অজ্ঞতা। উনি হয়ত জানেনই না কেপিআই এলাকায় কী করা যায়, কী করা যায় না।’

এতে প্রতিষ্ঠানের সৌন্দর্যহানিও হয়েছে বলে মন্তব্য করেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘এটি এমনভাবে করা হয়েছে তা দেখতে ভালো লাগে না।’

মাসুমা তানিকে নিয়ে নানা বিতর্কই বিএফডিসিতে ছিল, এবার যুক্ত হলো হোটেল ভাড়া দেওয়া বিতর্ক।

    শেয়ার করুন: