আগামীর সময়

‘রাক্ষস’ চলচ্চিত্রের আইটেম গানে বলিউডের নাতালিয়া

‘রাক্ষস’ চলচ্চিত্রের আইটেম গানে বলিউডের নাতালিয়া

নাতালিয়া জানোসজেক

সামাজিক মাধ্যমের চলচ্চিত্র বিষয়ক গ্রুপ ও পেইজগুলোতে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। সবাই বলছে ছবিটি ‘রাক্ষস’ ছবির আইটেম গানের শুটিংয়ের দৃশ্য। আসলেই কি তাই?

ছবিটির প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জির অন্যতম কর্ণধার আজিম হারুন বলছেন, ‘এটি আমাদের ছবির আইটেম গানের একটি দৃশ্য, যা শুটিং সেট থেকে কীভাবে জানি ফাঁস হয়েছে। যাকে দেখা যাচ্ছে তিনি বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন নাতালিয়া। আমার ধারণা এই প্রথম কোনো বাংলা ছবিতে অভিনয় করলেন তিনি।’

নাতালিয়া একজন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মত ছবিতে। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।

ছবি ফাঁস বলা হলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলছেন, এটি প্রযোজনা সংস্থা ও নির্মাতা হৃদয়ের একটি বিপণন পদ্ধতি।

প্রযোজনা সংস্থার আরেক কর্ণধার শাহরীন আখতার সুমি জানান, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের আরেক বিখ্যাত কোরিওগ্রাফার আদিল শেখ। সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছে জিএম আশরাফ ও দোলা।

তার ভাষ্য, আমরা অনেক বড় বাজেটে আইটেম গানটি তৈরি করছি। দেশের বাইরে বেশ বড় আয়োজনে এর শুটিং চলছে। আশা করছি দর্শকরা গানটি পছন্দ করবে। আর আমাদের বিশ্বাস এবারের ঈদের সেরা ছবি হবে ‘রাক্ষস’।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

    শেয়ার করুন: