রবীন্দ্রজয়ন্তীতে দুরন্ত’র বিশেষ আয়োজন

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দুরন্ত টিভি সাজিয়েছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। পঁচিশে বৈশাখ, শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় প্রচারিত হবে গান, নৃত্য, নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
সকাল ৭টায় প্রচারিত হবে তাসের দেশ অবলম্বনে মঞ্চনাটক। এতে অংশ নিয়েছে শিশু সংগঠন ‘ফুলকি’। নির্দেশনায় রয়েছেন ওয়ার্দা রিহাব এবং সংগীত পরিচালনায় সোমা রায়।
সকাল ৯টায় থাকছে নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে এবং বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘মেঘের কোলে রোদ হেসেছে’। অনুষ্ঠানে গান পরিবেশন করেছে দুরন্তর শিশু শিল্পীরা, পাশাপাশি অংশ নিয়েছেন আনন্দী ঘোষ, রামিজা হাসান, দিন ইসলাম ইমরান, আরিবা জামান ও বিদ্যাস্তুতি সিংহ। আয়োজনটি পরিচালনা করেছেন এ. কে. কমল।
দুপুর ২টায় এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘রবির কিরণ’। এতে কবিগুরুর নির্বাচিত কবিতার নাট্যরূপ উপস্থাপন করেছে ‘কল্পরেখা’র শিশুরা। পরিচালনায় রয়েছেন এ. কে. কমল।
দিনের শেষ পর্বে রাত ১০টায় প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডাকঘর’। ‘মাধো’ নির্মাণ করেছেন সুমনা সিদ্দিকী এবং ‘ডাকঘর’ লুসি তৃপ্তি গোমেজ।




