আগামীর সময়

মাহিরার ক্যারিয়ারে এমনটা আগে হয়নি

মাহিরার ক্যারিয়ারে এমনটা আগে হয়নি

মাহিরা খান। ছবি: ইনস্টাগ্রাম

পাকিস্তানের সুপারস্টার মাহিরা খান শুধু নিজের দেশেই নয়, বরং বাংলাদেশেও বেশ পরিচিত নাম। এই ঈদে মাহিরা খান একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন। এমনটা আগে হয়নি মাহিরার ক্যারিয়ারে। একই সময়ে চারটি বড় প্রজেক্টে তাকে দেখা যাবে।

এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে সিনেমা ‘আগ লাগে বস্তি মে’। এই সিনেমাটি ঈদুল ফিতরে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে চার বছর পর আবারও মাহিরা খানের সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ফাহাদ মুস্তাফা। এর আগে তারা ‘কায়েদ-ই-আজম জিন্দাবাদ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। ফলে নতুন এই সিনেমা নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।

সিনেমাটি পরিচালনা করেছেন নবীল কুরেশি। ইতোমধ্যেই ছবিটির প্রচারণা শুরু হয়েছে। ঈদে পাকিস্তানে সবচেয়ে বেশি আলোচনায় আছে এই সিনেমা।

এছাড়াও মাহিরা খানের আরও কয়েকটি জনপ্রিয় কাজ টেলিভিশনে প্রচারিত হবে। এর মধ্যে রয়েছে ‘দ্য লেজেন্ড অব মৌলা জাট’। ঈদের প্রথম দিন জিও টিভিতে সম্প্রচারিত হবে এটি। একইভাবে এআরওয়াই ডিজিটালে ‘লাভ গুরু’ প্রচারিত হবে এবং হাম টিভিতে দেখা যাবে ‘নীলোফার’। ফলে টেলিভিশন দর্শকদের জন্যও ঈদে মাহিরা খানের উপস্থিতি থাকবে সমানভাবে আকর্ষণীয়। এসব কনটেন্ট পাকিস্তানের টেলিভিশনে সম্প্রচারিত হবে, কিন্তু বাংলাদেশি দর্শকরা টেলিভিশনের পর ইউটিউবের মাধ্যমেও উপভোগ করতে পারবেন।

ঈদের কাজের বাইরে মাহিরা খানের সামনে রয়েছে আরও বেশ কিছু বড় ও গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এর মধ্যে অন্যতম হলো ‘জো বাচায় হ্যায় সাঙ সমেইত লো’, যা পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ হিসেবে নির্মিত হচ্ছে। এই সিরিজে মাহিরা অভিনয় করছেন ‘রাহাত’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সিরিজটি ২০২৬ সালের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা। এছাড়া ‘মিট্টি দে বাওয়ে’ নামের একটি নাটকে প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি, যা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই জুটি ‘ওহ এক রাত’ নামের একটি টেলি ফিল্মেও জোড় বাঁধছেন। লিখেছেন ফারহাত ইশতিয়াক এবং পরিচালনা করেছেন শেহজাদ কাশমিরি।

সব মিলিয়ে বলা যায়, মাহিরা খান বর্তমানে তার ক্যারিয়ারের এক ব্যস্ততম সময় পার করছেন। সিনেমা, টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম— সব জায়গায় তার সক্রিয় উপস্থিতি তাকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে।

২০১১ সালে ‘বোল’ সিনেমার মাধ্যমে সিনেমায় নাম লেখান মাহিরা খান। একই বছর প্রচার হওয়া ‘হামসাফর’ তার ক্যারিয়ারের বাঁক বদল করে দেয়। এই নাটক শুধু পাকিস্তানেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই এক টিভি সিরিয়াল মাহিরাকে নিয়ে যায় খ্যাতির শিখরে। এরপর একের পর এক সফল নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন। বলিউডেও তার পদচারণা ঘটে রইস সিনেমার মাধ্যমে, যেখানে তার বিপরীতে ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এই সিনেমার মাধ্যমে বলিউডের দর্শকদের কাছেও তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

    শেয়ার করুন: