‘দৃশ্যম ৩’ টিজার প্রকাশ, আবারও বিপদে জর্জকুট্টি

সংগৃহীত ছবি
সিনেমাপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে মালায়লাম সুপারস্টার মোহনলালের বহুল আলোচিত সিনেমা ‘দৃশ্যম ৩’ এর টিজার। টিজারটি আভাস দিচ্ছে জর্জকুট্টির জীবন এবার আরও অন্ধকার ও কঠিন মোড়ের মুখোমুখি হতে যাচ্ছে।
১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নিজের সাজানো গোছানো সাধারণ জীবন নিয়ে কথা বলছেন জর্জকুট্টি। তবে তার শান্ত কণ্ঠের আড়ালে লুকিয়ে আছে অজানা আতঙ্ক। তিনি জানান, কীভাবে এক ‘অবাঞ্ছিত অতিথি’ তাদের জীবন তছনছ করে দিতে এসেছিল এবং পরিবারকে বাঁচাতে তাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল যার প্রভাব এখনো তাকে তাড়া করে ফিরছে।
টিজারে জর্জকুট্টিকে আগের চেয়ে বেশি অসহায় ও চিন্তিত মনে হয়। অতীতে পরিবারকে রক্ষা করতে তিনি যা করেছিলেন, সেই সত্যগুলো যেন এখন প্রকাশ্যে আসতে চাইছে। তার চোখেমুখে স্পষ্ট ভয় মনে হচ্ছে কেউ একজন তাকে নজরে রাখছে সবসময়। এই অদৃশ্য নজর রহস্যকে আরও ঘনীভূত করেছে। স্ত্রী ও মেয়েদের আতঙ্কিত চেহারা দেখে বোঝা যায়, আবারও বড় বিপদের মুখে পড়তে যাচ্ছে পরিবারটি।
এর আগে মোহনলাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার একটি পোস্টার শেয়ার করে উত্তেজনা বাড়িয়েছিলেন ভক্তদের। সেখানে তাকে একজন সাধারণ কৃষকের বেশে দেখা গেলেও, হাতে থাকা কৃষিযন্ত্রে ছিল রহস্যের ইঙ্গিত। ধারণা করা হচ্ছে পরিচালক জিথু জোসেফ ও প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর এবারও রেখেছেন বড় কোনো চমক।
২০১৩ সালে শুরু হওয়া এই জনপ্রিয় সিরিজ ২০২১ সালে দ্বিতীয় কিস্তি দিয়ে ব্যাপক সাড়া ফেলে। এবার ২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া নতুন পর্বটি বড় পর্দায় দেখার জন্য অপেক্ষায় দর্শকরা। আগামী ২১ মে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই প্রতীক্ষিত থ্রিলারটি।



