অন্তর্বর্তী সরকারের সময়ের নদী খননকে বিএনপির কর্মসূচি বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় একাধিক এক্সকাভেটর খাল খনন করছে এবং একজন ব্যক্তি গান গাইতে গাইতে কাজের উৎফুল্লতা প্রকাশ করছেন। ভিডিওটির সঙ্গে দাবি করা হয়েছে, এটি বিএনপির নতুন খাল খনন কর্মসূচির অংশ।
তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি পুরনো এবং বিভ্রান্তিকর।
রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ৬ ফেব্রুয়ারি ‘কৃষি সম্ভাবনা’ নামের একটি ফেসবুক পেইজে একই ভিডিও প্রকাশিত হয়েছিল।
পরবর্তী কীওয়ার্ড অনুসন্ধানে ৭ ফেব্রুয়ারি ‘কৃষি আপডেট’ পেইজে পাওয়া ভিডিওতে বলা হয়েছে, এটি যশোরের ঝিকরগাছা উপজেলার হরিহর নদীতে ৪৫টি এক্সকাভেটর দিয়ে চলমান খনন কাজের দৃশ্য।
অর্থাৎ, ‘বিএনপির খাল খনন কর্মসূচি শুরু’ দাবি করা ভিডিওটি প্রকৃতপক্ষে পুরনো এবং পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হরিহর নদীর খনন কাজের দৃশ্য।

