পুরোনো রাজনৈতিক সংঘর্ষের ভিডিওকে মাজার নিয়ে শিয়া-সুন্নি সংঘর্ষ বলে প্রচার

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে ভোলায় একটি মাজারকে কেন্দ্র করে শিয়া-সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে নানা ধরনের উত্তেজনাপূর্ণ মন্তব্যও দেখা যাচ্ছে। তবে তথ্য যাচাই করে দেখা যায়, প্রচারিত এই দাবির কোনো ভিত্তি নেই।
ভিডিওটির কয়েকটি স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করলে ২০২৫ সালের ২৩ মার্চের একটি পুরোনো ঘটনার সূত্র পাওয়া যায়।
প্রচারিত ভিডিওতে উল্লেখ করা হয়, ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নে ত্রাণের চাল বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী, চরমোনাই (ইসলামী আন্দোলন) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে সেখানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
একই ঘটনার বিষয়ে গণমাধ্যমেও প্রতিবেদন পাওয়া যায়। চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে ২৩ মার্চ, ২০২৫ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, সাকুচিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী, বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন।
অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো সাম্প্রদায়িক সংঘর্ষের নয় এবং মাজারকে কেন্দ্র করে শিয়া-সুন্নিদের মধ্যে সংঘর্ষের দাবিও সঠিক নয়। পুরোনো একটি রাজনৈতিক ঘটনার ভিডিওকে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

