আগামীর সময়

আর্জেন্টিনার বিস্ফোরণের ভিডিওকে ইসরায়েলে ইরানের হামলা বলে প্রচার

আর্জেন্টিনার বিস্ফোরণের ভিডিওকে ইসরায়েলে ইরানের হামলা বলে প্রচার

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি ইসরায়েলের ভেতরে ইরানের সাম্প্রতিক হামলার দৃশ্য- যেখানে গোয়েন্দা স্থাপনা, তেল ট্যাংকার এবং সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটির সঙ্গে বর্তমান ইরান-ইসরায়েল উত্তেজনার কোনো সম্পর্ক নেই।

রিভার্স ইমেজ সার্চে ভিডিওটির স্থিরচিত্রের সঙ্গে গত বছরের নভেম্বর মাসে ফেসবুকে প্রকাশিত অন্তত দুটি পোস্টের মিল পাওয়া যায়। সেসব পোস্টে উল্লেখ ছিল, আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের নিকটবর্তী একটি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হন।

এছাড়া কীওয়ার্ড সার্চে ভারতীয় গণমাধ্যম NDTV-এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের নভেম্বর মাসে প্রকাশিত “Argentina Industrial Park Blast Sparks Massive Fire” শিরোনামের একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনের ১ মিনিট ১৭ সেকেন্ড থেকে ১ মিনিট ৩৪ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে ভাইরাল ভিডিওটির দৃশ্যের স্পষ্ট মিল রয়েছে।

সুতরাং, ভাইরাল ভিডিওটি ইসরায়েলে ইরানের সাম্প্রতিক হামলার নয়; এটি আর্জেন্টিনার একটি পুরোনো শিল্পাঞ্চলের বিস্ফোরণের ঘটনা, যা ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

    শেয়ার করুন: