রয়টার্স
বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন বাংলাদেশে

সংগৃহীত ছবি
বাংলাদেশে আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স একে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ হিসেবে বর্ণনা করেছে।
সংস্থাটি বলছে, ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর দেশে তিনটি জাতীয় নির্বাচন হয়েছে। তবে বিরোধী দলগুলোর বয়কট বা সীমিত অংশগ্রহণের কারণে সেসব ভোট প্রতিযোগিতামূলক ছিল না।
টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। বর্তমানে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। এই ভোটে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ। অভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারীদের ভাষ্য, ২০০৯ সালের পর এবারই দেশে প্রথমবারের মতো প্রকৃত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে, নির্বাচনে বিএনপি এগিয়ে থাকতে পারে। তবে জামায়াতে ইসলামী শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসতে পারে। জাতীয় নাগরিক পার্টি শেখ হাসিনা-বিরোধী আন্দোলনকে নির্বাচনী শক্তিতে রূপ দিতে না পেরে জামায়াতের সঙ্গে জোট করেছে বলেও উল্লেখ করা হয়।
৩০০ আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। রয়টার্সকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এককভাবে সরকার গঠনের বিষয়ে তারা আত্মবিশ্বাসী।
বিশেষজ্ঞদের বরাতে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটাতে ১৭ কোটি ৫০ লাখ মানুষের দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভবিষ্যতে চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের দিকনির্দেশও অনেকটাই নির্ভর করবে এই ভোটের ফলের ওপর।
রয়টার্স জানিয়েছে, মোট ভোটারের প্রায় এক-চতুর্থাংশ তরুণ বা জেন-জি। তাদের সিদ্ধান্ত ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
বার্তা সংস্থাটি আরও বলছে, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী যে ফলই করুক, তা ঐতিহাসিক হতে পারে। বিভিন্ন জনমত জরিপের ইঙ্গিত, ১৯৭১ সালের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোর মধ্যে এবার দলটি সবচেয়ে ভালো ফল পেতে পারে।

