সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড : ডিসি মাসুদ

ডিসি মাসুদ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে পুলিশের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের চার সদস্য ক্লোজড (সাময়িক বহিষ্কার) করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
পুলিশের এই কর্মকর্তা বললেন, শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির জেরে দুপক্ষের একটু বাড়াবাড়ির কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ওই সময় ডিউটিতে থাকা পুলিশের চার সদস্যকে ক্লোজড করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিক ও শিক্ষার্থীসহ কয়েকজন দর্শনার্থী মারধরের শিকার হন। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন—বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের তোফায়েল আহমেদ (২৫) এবং আজকের পত্রিকার কাউসার আহমেদ রিপন (২৭)।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল পুলিশ সদস্য তোফায়েলকে লাঠি দিয়ে নির্বিচারে পেটাচ্ছেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।



