মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু

সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনায় হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকে আতঙ্কে ছাদে আশ্রয় নেন, কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুর-২ নম্বরে এলএ প্লাজা নামের ১১ তলা একটি বাণিজ্যিক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বেলা ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ বলেছেন, ‘ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন।’
তিনি জানিয়েছেন, টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়। চার ও পাঁচ তলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান সোহেল বলেছেন, ‘হাসপাতালে নেওয়ার পর ওই দুজনের মৃত্যু হয়েছে। নিহত পুরুষের নাম রাকিব হাসান। মারা যাওয়া নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।’
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ভবনের তৃতীয় তলায় একটি স্পা সেন্টারে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

