আগামীর সময়

বিড়াল আনতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

বিড়াল আনতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

সংগৃহীত ছবি

তিনতলার ছাদের কার্নিশ থেকে পোষা বিড়ালকে আনতে গিয়ে পা পিছলে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে রাজধানীর শাহজাদপুরে এ ঘটনা ঘটেছে।

নিহত বন্যা কস্তার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামে। শাহজাদপুরে একটি ভাড়া বাসায় স্বামী শোভন পালমার সঙ্গে থাকতেন তিনি।

বন্যা কস্তার পরিবারসূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠে পোষা বিড়ালকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি ছাদে উঠে যান। বিড়ালটিকে ছাদের কার্নিশে দেখতে পান। সেখান থেকে বিড়ালটিকে আনতে গিয়ে পা পিছলে পড়ে যান নিচে। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্যা কস্তার ফুফু লাভলী কস্তা বলেছেন, বন্যার কোনো সন্তান ছিল না। তাই বিড়ালটিকে সন্তানের মতো ভালোবাসতেন। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম বললেন- ‘ঢাকায় বন্যা কস্তার দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ শুনেছি। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাকে বড়াইগ্রামের নিজ বাড়িতে এনে সমাহিত করা হবে।’

    শেয়ার করুন: