আগামীর সময়

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সচিবালয়ে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন’ সংক্রান্ত এক বিশেষ সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেছেন। বৈঠকে যানজট নিরসনে ৯টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যানজট নিরসনে গৃহীত ৯ দফা সিদ্ধান্ত হলো-
ট্রাফিক সিগন্যালগুলো দেশীয় পদ্ধতিতে অটোমেশনের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার ১২০টি সিগন্যাল অটোমেশন করা হবে; ঢাকা শহরের চার পাশে নতুন বাইপাস সড়ক এবং শহরের ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে; ঢাকা শহর থেকে যত্রতত্র বাস কাউন্টার অপসারণ করা হবে। অতিদ্রুত ঢাকা মহানগরের ভেতরে থাকা ৫টি আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে স্থাপন করা হবে। এই ৫টি বাস টার্মিনাল ‘সিটি সার্ভিসের’ জন্য চালু করা হবে।

রাস্তার দু’পাশের সড়ক দখলমুক্ত করা হবে। রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি সরিয়ে ফেলা হবে; ঢাকা শহরের ভেতরে রেল ক্রসিংয়ে ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি অটো সিগন্যাল লাইটিং সিস্টেম চালু করা হবে; সিটি বাসকে জিপিএস সিস্টেমের আওতায় আনা হবে।

ঢাকার অধিকাংশ ফুটওভার ব্রীজে চলন্ত সিঁড়ি স্থাপন করা হবে। পাশাপাশি শহরের হাসপাতাল এলাকায় ফুটওভার ব্রীজে দেশিয় প্রযুক্তিতে তৈরি লিফট স্থাপন করা হবে; আগামী ৭ এপ্রিলের মধ্যে অধিকাংশ প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক; এসব পরিকল্পনা বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করবেন শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুল সালাম, উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পুলিশের আইজিপি আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবগণ বৈঠকে অংশ নেন।

    শেয়ার করুন: