দেনাদারের বাসায় ঢুকে ৪ জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু

প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে দেনাদারের বাসায় ঢুকে ৪ জনকে কুপিয়ে জখম করেছেন এক ব্যক্তি। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হামলাকারীও। আজ মঙ্গলবার ভোরে কাজলা ভাঙ্গা প্রেস এলাকার সামাদ মেম্বারের বাড়িতে ঘটেছে এমন ঘটনা।
নিহত দিয়া আক্তার (২০) ওই এলাকার নবুউল্লার মেয়ে। শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি। গুরুতর আহত হয়েছেন নবুউল্লার স্ত্রী মৌসুমী (৩৫), তার ছেলে মোয়াজ (১৫) ও আরেক মেয়ে জয়া (১২)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা বিল্লাল হোসেনের ভাষ্য, আবু মুসা পেশায় একজন ঠিকাদার। তিনি কিছু টাকা পান একই এলাকার নবুউল্লার কাছে। এই টাকা নেওয়ার জন্য মঙ্গলবার ভোরে নবুউল্লার বাসায় আসলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নবুউল্লা উত্তেজিত হয়ে কুপিয়ে জখম করেন আবু মুসাকে। এ সময় আবু মুসা নবুউল্লার স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে বিচ্ছিন্ন করেন দেন বাম হাতের কব্জি। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার মেয়ে দিয়াকেও কুপিয়ে জখম করেন মুসা। মা-বোনকে বাঁচাতে আসলে নবুউল্লার ছেলে মোয়াজ ও আরেক মেয়ে জয়াকেও কুপিয়ে আহত করেন মুসা।
তিনি জানান, তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে দিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক আবু মুসাও হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানালেন, মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। বিষয়টি অবহিত করা হয়েছে সংশ্লিষ্ট থানায়।



