সামাজিক নিরাপত্তা কর্মসূচির নতুন মন্ত্রিসভা কমিটি, সভাপতি আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী । ফাইল ছবি
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে সামাজিক নিরাপত্তার ১৮টি কর্মসূচির তদারকি, মূল্যায়ন ও বাজেট নির্ধারণে গঠন করা হয়েছে নতুন মন্ত্রিসভা কমিটি।
রবিবার (১৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হয় এ প্রজ্ঞাপন।
এর আগে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বরে গঠিত এ-সংক্রান্ত কমিটি করা হয় বাতিল।
১৪ সদস্যের নতুন কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন স্থানীয় সরকার, মহিলা ও শিশু, সমাজকল্যাণ, ধর্ম, পরিবেশ, মুক্তিযুদ্ধবিষয়ক, শ্রম ও কর্মসংস্থান, মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি, পানিসম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও রয়েছেন সদস্য হিসেবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়মিত সভা হবে প্রতি তিন মাসে একবার। বিশেষ সভা হবে প্রতি বছর মার্চ মাসে। সভায় আগের বছরের কর্মসূচির সার্বিক মূল্যায়ন এবং নির্ধারণ হবে পরবর্তী অর্থবছরের বাজেটে। সাচিবিক সহায়তা ও প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। কমিটিকে সহায়তা করতে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সিনিয়র সচিবরা।
কমিটি তদারকির আওতায় থাকবে ফ্যামিলি কার্ড, বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী, মা ও শিশু সহায়তা, ভিডব্লিউবি, খাদ্যবান্ধব কর্মসূচি, ভিজিএফ, কৃষক কার্ডসহ ১৮টি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি।
এ ছাড়া ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক ও জন্মগত হৃদরোগসহ জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অতি দরিদ্রদের কর্মসংস্থান এবং উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কাজ।



