কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের ৭ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

খবর ছড়িয়েছিল কন্টেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিমকে বাসা থেকে কোনো প্রকার অভিযোগ ছাড়াই তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি), কিন্তু জানা গেল তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে গুলশান থানায় রয়েছে মামলা।
এই মামলাতেই কন্টেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিমকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আদালতে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ শনিবার এই আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রায়হানুর রহমান। এ বিষয়ে শুনানি হবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে৷
হাসান নাসিম মূলত বরগুনা জেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা। তিনি পেশাগতভাবে একজন কনসালটেন্ট হিসেবে কাজ করেন, যেখানে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ফরম পূরণসহ দিতেন বিভিন্ন কারিগরি সহায়তা। পাশাপাশি তিনি ‘পাথরঘাটা ডট কম’ নামক একটি জনপ্রিয় ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে স্থানীয় সমস্যা ও অসংগতি নিয়ে করতেন লেখালেখি।



