কোন মাস থেকে কার্যকর হবে নবম পে-স্কেল?

ফাইল ছবি
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। এই সুপারিশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
গত ২১ এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন-সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছিল সরকার। সম্প্রতি মতামত জানিয়েছে এ কমিটি। এরই ভিত্তিতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্র বলছে, আসন্ন বাজেটে পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখা হতে পারে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের। এরপর চিকিৎসা ভাতা থেকে শুরু করে বৃদ্ধি করা হবে অন্যান্য ভাতা।
২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর পে-কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সুপারিশ জমা দেয় সেই কমিশন। সুপারিশে সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা এবং অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়।
প্রস্তাবিত পে-স্কেলে বলা হয়, বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮ হাজার ২৫০, বাড়িভাড়া ভাতাসহ অন্যান্য ভাতা মিলিয়ে সর্বমোট বেতন-ভাতা হয় ১৬ হাজার ৯৫০ টাকা।
প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী, ২০তম গ্রেডের উল্লিখিত কর্মচারীর মূল বেতন (২০ হাজার টাকা) ও ভাতা মিলে সর্বমোট বেতন-ভাতা হবে ৪১ হাজার ৯০৮ টাকা। একইভাবে ১৯তম গ্রেড থেকে ১নং গ্রেড পর্যন্ত ভাতা অনেক বৃদ্ধি পাবে; তবে যুক্তিসংগত বিবেচনা ও সমতা বিধানের স্বার্থে এই বৃদ্ধি তুলনামূলকভাবে কম হবে।



