রাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর আশকোনা এলাকায় পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আজ দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকার বেশ কয়েকটি এলাকায় দেখা দেবে গ্যাসের তীব্র স্বল্পচাপ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আশকোনা এলাকায় জরুরিভিত্তিতে করা হচ্ছে পাইপলাইন মেরামত কাজ। এ কারণে আজ দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত আশকোনা, উত্তরখান, দক্ষিণ খান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় বিরাজ করবে গ্যাসের তীব্র স্বল্পচাপ।
সংস্থাটি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে গ্যাস সরবরাহ ফিরে আসবে স্বাভাবিক অবস্থায়। তবে মেরামত কাজের সময় এসব এলাকায় রান্না ও দৈনন্দিন কাজে হতে পারে ভোগান্তি।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



