প্রবাসী কল্যাণমন্ত্রী
খোলার চেষ্টা করছি মালয়েশিয়ার শ্রমবাজার

সংগৃহীত ছবি
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি এবং সিন্ডিকেট মুক্ত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (৬ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আবদুল্লাহ আল মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরভরা গ্রাম।
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭ জনের মধ্যে এ পর্যন্ত দেশে এসেছে ৫ জনের মরদেহ। নিহতের পরিবারকে দেওয়া হচ্ছে ৩ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা— জানান মন্ত্রী।
মামুনের পরিবার জানায়, ঈদুল ফিতরের এক মাস পর দেশে ফিরে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা ছিল তার।
গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারজ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন মামুন। শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায় তার। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন মামুনকে।
সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। তার মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকাল ৯টা ১৫ মিনিটে।



