হামের উপসর্গে এক মাসে ১৯৮ জনের মৃত্যু

হাসপাতালে চিকিৎসা নিচ্ছে হামে আক্রান্ত শিশুরা। ফাইল ছবি
দেশে গত এক মাসে হামের উপসর্গে ও হামে মৃত্যু হয়েছে ১৯৮ জনের। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩২ জন এবং এক মাসে মোট রোগীর সংখ্যা ১৯ হাজার ১৬১ জন। আর গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৬ জন, এক মাসে রোগীর সংখ্যা দুই হাজার ৯৭৩ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক মাসে সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩১৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড় পেয়েছে ৯ হাজার ৭৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে এবং গত এক মাসে মৃত্যু হয়েছে ৩২ জনের। আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে দুইজনের মৃত্যু হয়েছে এবং এক মাসে মৃত্যু হয়েছে ১৬৬ জনের।



