ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় নয়াদিল্লি

সংগৃহীত ছবি
শীতল সম্পর্কের জল গড়ানোর পর উষ্ণতার আভাস। পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থ রক্ষায় এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এমন উষ্ণ বার্তা জানালেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ করেন তিনি।
‘আমরা সবসময় সকল ক্ষেত্রে আমাদের জনকেন্দ্রিক সহযোগিতায় জোর দিতে চাই। পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী পদ্ধতিতে একসঙ্গে কাজ করতে চাই’ সাংবাদিকদের বললেন ভারতীয় হাইকমিশনার।
গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের অগ্রযাত্রায় নয়াদিল্লি পাশে থাকবে এমন আশাবাদ ব্যক্ত করছিলেন প্রণয় ভার্মা। এছাড়াও দু’দেশের মধ্যে চলমান ভিসা জটিলতার জট খোলার ইঙ্গিত দেন তিনি। নয়াদিল্লির আশা, ভিসা প্রক্রিয়া সমস্যার সমাধান হবে দ্রুত।

