শুক্র-শনিবার বেসরকারি অফিসেও সাপ্তাহিক ছুটি

ছবিঃ আগামীর সময়
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি এবং বেসরকারি অফিসের নতুন সময়সূচি ও সাপ্তাহিক ছুটি নির্ধারণ করেছে সরকার। আজ রবিবার থেকে এ সময়সূচি কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। সেইসঙ্গে সরকারি অফিসের মতো বেসরকারি অফিসেও শুক্রবার ও শনিবার ছুটি থাকবে।
গতকাল শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
প্রজ্ঞাপনে বলা হয়, ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।
জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ৪ এপ্রিলের নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ব্যাংকিং সেবা পরিচালিত হবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আদালতের অফিস সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।



