খাল খনন কর্মসূচি ১৫ দিনের মধ্যে শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন।
পঞ্চগড় সার্কিট হাউসে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে আয়োজিত আলোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘দেশে যেসব নদী খনন প্রয়োজন এবং যেসব জলাশয় দখল হয়ে আছে, সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। সাধারণ মানুষ, প্রশাসন এবং সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু করা হবে।’
তিনি আরো বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মাইলের বেশি খাল খনন করেছিলেন। সেই কর্মসূচিকে আবারও পুনরুজ্জীবিত করে আগামী ১৫ দিনের মধ্যে কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি আবহাওয়া ও পরিবেশের বিষয় বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হবে।’
আলোচনাসভায় প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

