সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে দমকা হাওয়াও

সংগৃহীত ছবি
দেশের সাতটি বিভাগের কিছু কিছু স্থানে আজ রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া বার্তায় জানানো হয়েছে এসব তথ্য।
বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও দুপুর থেকে রাতের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতেও হতে পারে ঝড়-বৃষ্টি।
আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সিলেট বিভাগের জেলাগুলোতে আজ দিন ও রাতে এক থেকে দুই দফা হতে পারে বজ্রবৃষ্টি। এ ছাড়া রংপুর ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় বিকালের মধ্যে সম্ভাবনা রয়েছে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানের পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্রবৃষ্টির।
বিশেষ করে দুপুর থেকে রাত ১০টার মধ্যে এসব এলাকায় সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। তবে বৃষ্টির এই প্রবণতা বিক্ষিপ্ত হওয়ায় সব স্থানে একযোগে বৃষ্টি নাও হতে পারে।
আবহাওয়া বার্তায় আরও জানানো হয়, বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় সাময়িকভাবে বয়ে যেতে পারে দমকা হাওয়া।



