রাজধানীর তাপমাত্রা নিয়ে মিলল সুখবর

প্রতীকী ছবি
রাজধানী শহর ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। এদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা কমতে পারে কিছুটা।
আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।

