দলীয় পরিচয়ের কারণে কেউ যেন নির্যাতনের শিকার না হয়: জামায়াত আমির

ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কেবল দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুম-নির্যাতনের শিকার না হয়। তিনি বলেন, আমরা দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। কেউ অন্যায়ভাবে নিপীড়নের শিকার হলে আমরা প্রতিবাদ ও প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করে যেন মানুষের অধিকার নিশ্চিত করা যায় সে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এতিম শিশুদের প্রসঙ্গে তিনি বলেন, আমরা এতিমদের ভেতর থেকে মণিমুক্তা বের করে আনতে চাই। তাদের এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা করব সরকার সেই পথেই চলবে।
সম্প্রতি চার সাংবাদিকের চাকরিচ্যুতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সাংবাদিকতার স্বাধীনতার ওপর নির্লজ্জ আঘাত। তিনি আশা প্রকাশ করেন, সরকার তাদের চাকরিতে পুনর্বহাল করবে। অন্যথায় সরকার একনায়কতান্ত্রিক পথে হাঁটছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

