আগামীর সময়

'প্রার্থীকে অসহযোগিতায়' বিএনপির ৩ নেতা বহিষ্কার

'প্রার্থীকে অসহযোগিতায়' বিএনপির ৩ নেতা বহিষ্কার

ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভাঙার দায়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের সই করা বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে এ তথ্য জানানো হয়।


বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী।


বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ যাচাই-বাছাইয়ে দলীয় শৃঙ্খলাভঙ্গের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই আদেশ।


বহিষ্কৃতদের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ না রাখতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।


অভিযোগের কথা সুনির্দিষ্টভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের নির্বাচনি কার্যক্রমে অসহযোগিতা করার অভিযোগ আছে। দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ না করে তারা ভিন্ন অবস্থান নেন। বহিষ্কৃত শামসুদ্দিন মিয়া ঝুনু ওই আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনি মাঠে সক্রিয় ছিলেন না।


দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সংগঠন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা। তিনি বলেন, যাচাই–বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। দলের সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে নির্দেশনা মানার আহ্বান জানান তিনি।

    শেয়ার করুন: