আগামীর সময়

৪ মাস আগেই হজ ভিসা ইস্যু করছে সৌদি

৪ মাস আগেই হজ ভিসা ইস্যু করছে সৌদি

সংগৃহীত ছবি

এবার পবিত্র হজের জন্য চার মাস আগেই ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব। আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার চলতি বছরের হজ মৌসুম (১৪৪৭ হিজরি) উপলক্ষে এ ঘোষণা দেয় দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি গেজেট জানিয়েছে, এই আগাম উদ্যোগের লক্ষ্য হলো হজযাত্রীদের সেবার প্রস্তুতি আরও উন্নত করা। এটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোয় শতভাগ সেবার চুক্তি সম্পন্ন হয়েছে। পাশাপাশি ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় অবস্থানের সব আবাসন চুক্তিও চূড়ান্ত। এখন পর্যন্ত সাড়ে ৭ লাখ হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন এবং নিজ নিজ দেশ থেকে সরাসরি ৩০ হাজার হজযাত্রীর জন্য প্যাকেজ বুক করা হয়েছে।

এছাড়াও আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোয় প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে। প্রাথমিক চুক্তিভিত্তিক ব্যবস্থা সম্পন্ন করেছে ৭৩টি হজ বিষয়ক অফিস। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হজ বিষয়ক অফিস এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় কার্যক্রম এখনো চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এত আগে ভিসা ইস্যু শুরু করা হজ মৌসুমের জন্য একটি সক্রিয় পরিকল্পনার প্রতিফলন। এটি হজ ব্যবস্থাপনা আরও সংগঠিত করবে এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ হজযাত্রীর জন্য সেবার দক্ষতা বাড়াবে। এই উদ্যোগ একটি বিস্তৃত সাংগঠনিক ও প্রযুক্তিগত ব্যবস্থার অংশ। এতে রয়েছে পবিত্র স্থানগুলোয় সেবা চুক্তি সম্পন্ন করা, আবাসন ও পরিবহন চুক্তির অনুমোদন, এবং ক্যাম্প প্রস্তুত ও বরাদ্দ দেওয়া।

    শেয়ার করুন: