১ রান না নিয়ে দিল্লিকে হারানো মিলারের পাশে গাভাস্কার

শেষ বলে কুলদীপ রান আউট হলে ১ রানে হারে দিল্লি। ছবি: সংগৃহীত
শেষ ২ বলে জয়ের জন্য দরকার ২ রান। প্রসিধ কৃষ্ণার বল ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পাঠিয়ে সহজেই এক রান নিতে পারতেন দিল্লি ক্যাপিটালসের ডেভিড মিলার। তাহলেই গুজরাট টাইটানসের ২১০ রানের স্কোর ছুঁয়ে ফেলত দিল্লি। তখন শেষ বলে ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা কুলদীপ যাদব আউট হলেও ম্যাচ হত টাই। আর খেলা গড়াত সুপার ওভারে।
ডেভিড মিলার সেই পথে না হেঁটে সিঙ্গেলটাই নিলেন না। শেষ বলে জয়ের জন্য তাই দরকার ছিল ২ রান। তখনই ট্র্যাজেডি। অতি আত্মবিশ্বাসের মূল্য দিয়ে শেষ বলে আর রানই পায়নি দিল্লি!
প্রসিদ্ধ কৃষ্ণের বাউন্সারে ব্যাট ছোঁয়াতে পারেননি মিলার। মরিয়া হয়ে ১ রান নেওয়ার চেষ্টা করেন তিনি এবং কুলদীপ যাদব। কিন্তু কুলদীপ রান আউট হয়ে গেলেন। ম্যাচও হেরে গেল দিল্লি। গুজরাটের ২১০ রানের জবাবে দিল্লি থামল ২০৯ রানে। নাটকীয় ১ রানের জয় পেল গুজরাট।
১ রান না নেওয়ায় সমালোচনা চলছে মিলারকে ঘিরে। তবে তার পাশে দাঁড়িয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার, ‘দলকে জেতাতে পারবে ভেবে আত্মবিশ্বাসী ছিল মিলার। যেভাবে ওই ওভারের প্রথম বলে কুলদীপ রান নিয়েছিল, তাতে শেষ বলে ওকে দায়িত্ব দেওয়াই যেত। কিন্তু আগের ওভারে অনেক ভাল শট খেলেছিল মিলার। হয়তো সে জন্যই ভেবেছিল শেষ বলে জেতাতে পারবে। একা ওকে দোষ দিয়ে লাভ নেই।’
প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১০ রান করেছিল গুজরাট। অধিনায়ক শুবমান গিল খেলেন ৪৫ বলে ৭০ রানের ইনিংস। হস বাটলার ৫২ ও ওয়াশিংটন সুন্দর করেন ৫৫।
জবাবে দিল্লির ইনিংস শেষ হয় ৮ উইকেটে ২০৯ রানে। লোকেশ রাহুলের ৯২ রানের লড়াকু ইনিংস কাজে আসেনি। ব্যর্থ ডেভিড মিলারের আগ্রাসী ৪৩ রানের ইনিংসও।



