১০ শতাংশ ফিট কোহলির এমন দাপুটে ব্যাটিং!

বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ব্যাটিংয়ে ঝড় তুলছেন বিরাট কোহলি।
ভারতের ব্যাটিং দানব বিরাট কোহলি নিজেই ফিটনেসের অনন্য এক মানদণ্ড। শরীর ফিট রাখতে তিনি কতকিছু যে ত্যাগ করেছেন, সেটা এখন কারও অজানা নয়। সেই কোহলি চলতি আইপিএলে শতভাগ ফিট নন। জ্বরে আক্রান্ত হয়েছেন, সেইসঙ্গে যুক্ত হয়েছে হাঁটুর ব্যথা। এমন অবস্থায় লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩৪ বলে ৪৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন।
বুধবার রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে লখনউয়ের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.১ ওভারেই জয় তুলে নেয় আরসিবি। কোহলি তার বিস্ফোরক ইনিংস খেলার পথে হাঁকান ৬টি চার ও ১টি ছক্কা। এখন পর্যন্ত মোট ২২৮ রান নিয়ে তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ে ভালোভাবেই টিকে আছেন। তবে ম্যাচ শেষে নিজের শারীরিক অবস্থা নিয়ে তিনি যে তথ্য দিলেন, তাতে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়াই স্বাভাবিক।
ম্যাচের আগে বাম হাঁটুতে ভারী স্ট্র্যাপিং বেঁধে অনুশীলন করতে দেখা গিয়েছিল কোহলিকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘গত ম্যাচের চেয়ে কিছুটা ভালো বোধ করছি। তবে এখনও আমি ১০০ শতাংশ ফিট নই। গত ম্যাচে আমার হাঁটুতে বেশ ব্যথা ছিল। এমনকি শরীরের অবস্থাও ভালো নেই, গত চার-পাঁচ দিন ধরে বেশ অসুস্থ বোধ করছি। সত্যি বলতে, আমি যেমন ফিটনেস আর রিদম চাই, তার ১০ শতাংশও এখনও পাইনি।’
শুরুটা দুর্দান্ত হলেও আবেশ খানের বলে আউট হয়ে ফিফটি মিস করায় কিছুটা হতাশ কোহলি। চিন্নাস্বামীর পিচও সময়ের সঙ্গে সঙ্গে উইকেট বেশ ধীর হয়ে গিয়েছিল, তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলাই ছিল বড় চ্যালেঞ্জ। কোহলি বলেন, ‘শুরুটা ভালো হয়েছিল, নিজের ইনটেনসিটি নিয়েও আমি খুশি। তবে ইনিংসটা শেষ করে আসতে পারলে আরও ভালো লাগত। পাঁচ উইকেট পড়ার পরও যদি রোমারিও শেফার্ড আর টিম ডেভিড ব্যাটিংয়ে আসে, তারা ৪ ওভারে ৫০ রান তুলে দেওয়ার ক্ষমতা রাখে।’
টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের জন্য কোহলি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন। তার মতে, চাপের মুখে যারা বুদ্ধিমত্তার পরিচয় দেবে, তারাই শেষ পর্যন্ত বাজিমাত করবে। অসুস্থতা আর চোটকে জয় করে কোহলির এই লড়াকু মানসিকতা এখন আরসিবি দলের সবচেয়ে বড় অনুপ্রেরণা। পাঁচ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর লক্ষ্য একটাই- শিরোপা ধরে রাখা।



