‘জেনারেশন গোল্ড’ কোহলিকে ছাপিয়ে ‘জেনারেশন বোল্ড’ সূর্যবংশী

২৬ বলে ৭৮ রানের বিষ্ফোরক ইনিংস খেলেছেন ১৫ বছরের সূর্যবংশী। ছবি: সংগৃহীত
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। শুক্রবারের ম্যাচটা সম্প্রচারকারী চ্যানেলে প্রচার করা হচ্ছিল বিরাট কোহলির ‘জেনারেশন গোল্ড’ বনাম ১৫ বছরের বৈভব সূর্যবংশীর ‘জেনারেশন বোল্ড’ হিসেবে। সেই ম্যাচে ‘গোল্ড’কে হারিয়ে দিল ‘বোল্ড’, অর্থাৎ সাহসী ক্রিকেট।
বেঙ্গালুরুর ৮ উইকেটে ২০১ রানের চ্যালেঞ্জ রাজস্থান পেরিয়ে যায় ২ ওভার হাতে রেখে। ২৬ বলে ৮ বাউন্ডারি ৭ ছক্কায় ৭৮ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার সূর্যবংশীর। ধ্রুব জুরেল অপরাজিত ছিলেন ৮১ রানে।
টানা চার ম্যাচ আইপিএলের শীর্ষে এখন রাজস্থান। আর এবারের আইপিএলে এটা প্রথম হার বেঙ্গালুরুর।
২০২ তাড়া করতে নেমে নিজের প্রথম বলেই ভুবনেশ্বর কুমারকে চার মেরে স্বাগত জানান সূর্যবংশী । এর পর যত সময় এগিয়েছে, তত আগ্রাসন বেড়েছে তার। অভিনন্দন সিং, জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার- সম্মান করেননি কাউকে। ভুবনেশ্বরকে ছক্কা মেরে ১৫ বলে ফিফটি করেন সূর্যবংশী।
এর আগে চেন্নাইয়ের বিপক্ষেও ১৫ বলে ফিফটি করেছিলেন সূর্যবংশী । তার মতোই খেলছিলেন ধ্রুব জুরেলও। যশস্বী জয়সওয়াল (১৩) আউট হওয়ার পর নেমেছিলেন তিনি। অভিনন্দনের দ্বিতীয় ওভারে নেন ২৪ রান। পাওয়ার প্লেতেই রাজস্থান করে ৯৭ রান!
ক্রুনাল পান্ডিয়ার বলে লং-অনে কোহলিকে ক্যাচ দিয়ে ফেরেন সূর্যবংশী। পরের বলেই আউট হন শিমরন হেটমায়ার। এরপর রিয়ান পরাগ (৩) ফিরলে ১২৯/১ থেকে ১৩৪/৪ হয়ে যায় রাজস্থান। তবে ধ্রুব জুরেলের ৪৩ বলে ৮১* রানের ইনিংসে সহজ জয়ই পায় রাজস্থান।
এর আগে ৮ উইকেটে ২০১ করেছিল বেঙ্গালুরু। কোহলি খেলেন ১৬ বলে ৭ বাউন্ডারিতে ৩২ রানের ইনিংস। রবি বিষ্ণুর গুগলিতে বোকা বনে বোল্ড হন কোহলি। স্টেডিয়াম জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। ৪০ বলে ৬৩ করেছিলে রজত পাতিদার।



