আগামীর সময়

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

সাদামাটাভাবেই ২৮ মার্চ শুরু হচ্ছে আইপিএল। ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে পিএসএল। এবার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করল ক্রিকেটের সবচেয়ে জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও। তবে কারণটা ভিন্ন।

গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার পর উৎসব চলার সময় পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন ১১ জন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ৩১ মে জমকালো সমাপ্তি অনুষ্ঠান করবে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানালেন,‘গত ৪ জুন বেঙ্গালুরু মর্মান্তিক ঘটনার জন্য আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে না। দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআই এ বার উদ্বোধনের দিন কোনও সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে না। সমাপনীর দিন বড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে এবার।”

২০১৯ সালে পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর বিসিসিআই আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল। সেবার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ নিহতদের পরিবারকে দান করা হয়েছিল।

আইপিএল শুরুর আগে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে বিতর্ক থামছেই না। আইপিএলের বেশির ভাগ অধিনায়কই এই নিয়মের বিপক্ষে। তবে বিসিসিআই জানিয়েছে, ২০২৭ পর্যন্ত এই নিয়ম থাকছেই। ২০২৭-এর পর এ নিয়ে ভেবে দেখবে বিসিসিআই।

    শেয়ার করুন: