বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করল জিওস্টার

১৭ ফেব্রুয়ারিই বাতিল করা হয়েছে চার বছরের চুক্তিটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে জট কাটছেই না। অন্তর্বর্তীকালীন সরকার মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করেছিল। নতুন সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অবশ্য ইতিবাচক বার্তা দিয়েছিলেন আইপিএল সম্প্রচার নিয়ে। তবে এবার খোদ ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিওস্টার বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় অংশীদার নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় এই সিদ্ধান্ত নিয়েছে জিও স্টার। বাংলাদেশের টি স্পোর্টস ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের সাব লাইসেন্স স্বত্ব নিয়েছিল। তবে অর্থ পরিশোধে ব্যর্থতার অভিযোগ এনে জিওস্টার জানিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারিই বাতিল করা হয়েছে চার বছরের চুক্তিটি।
জিওস্টার চুক্তি বাতিল করায় দেশে এবারের আইপিএলের কোনো স্থানীয় সম্প্রচারক থাকছে না। আইপিএল শুরুর আগের দিন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছিলেন,‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করবো।’
এরপর অবশ্য তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় আইপিএল সম্প্রচারে অন্তর্বর্তীকালীন সরকারের নিষেধাজ্ঞা এখনও বহাল আছে।

