আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম আম্পায়ার আসগর আর নেই

চলে গেলেন আম্পায়ার মোহাম্মদ আসগর। ছবি: সংগৃহীত
গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল মোহাম্মদ আসগরকে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম এই আম্পায়ারের অবস্থার অবনতি হলে নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে।
চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) ৭৩ বছর বয়সে মারা গেলেন মোহাম্মদ আসগর। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে।
ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণি ও শীর্ষ স্তরের অনেক ম্যাচই পরিচালনা করেছেন আসগর। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৯৭ সালের এশিয়া কাপে দায়িত্বে ছিলেন সাতটি ম্যাচে। সব কটি ম্যাচেই ছিলেন টিভি আম্পায়ার হিসেবে।
বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে ৮২ রানে থাকা আতহার আলী খান আউট হয়েছিলেন মোহাম্মদ আসগরের সিদ্ধান্তে। সাকলায়েন মুশতাকের করা বল ধরে উইকেট ভেঙেছিলেন মঈন খান। মাঠের আম্পায়াররা টিভি আম্পায়ারের সিদ্ধান্ত জানতে চাইলে রিপ্লে দেখে আউট দেন তিনি। সে সময় বাংলাদেশি হয়ে নিজের দেশের একজন ব্যাটারকে আউট দেওয়ার সিদ্ধান্তে অবাকই হয়েছিলেন সমর্থকরা।
ঘরোয়া ক্রিকেট ২০২১ সালে কক্সবাজারে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ম্যাচ রেফারির দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হন আসগর। এরপর আর মাঠে দেখা যায়নি তাকে।



