চ্যম্পিয়নস লিগ
স্লটের শততম ম্যাচে লিভারপুলের হার, বাঁচল বার্সা

১-১ সমতায় শেষ হয়েছে নিউক্যাসল-বার্সা ম্যাচ। ছবি: সংগৃহীত
নিউক্যাসল ১ : ১ বার্সেলোনা
ইংলিশ লিগকে বিশ্বসেরা মেনে নিয়েছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। সেটা কেন, লিগে ১২ নম্বরে থাকা দল নিউক্যাসল বুঝিয়েছে ম্যাচজুড়েই। গতিময় ফুটবলে বার্সেলোনাকে দারুণ চাপে রেখেছিল তারা। সেন্ট জেমস পার্কে জয় থেকে মাত্র মিনিটখানেক দূরত্বে ছিল নিউক্যাসল।
৮৬ মিনিটে হার্ভে বার্নেসের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশ ক্লাবটি। তবে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে লামিনে ইয়ামালের পেনাল্টিতে বেঁচে যায় বার্সা। ১-১ সমতায় মাঠ ছাড়ে তারা। দানি ওলমোকে বক্সে মালিক থিয়াউ ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। পুরো ম্যাচে নিষ্প্রভ থাকা ইয়ামাল ভুল করেননি সুযোগটা কাজে লাগাতে।
শেষ বেলার পেনাল্টিতে বার্সার ত্রাতা ইয়ামাল। ছবি: সংগৃহীত
৫৪ শতাংশ বলের দখল রেখে পোস্টে ৯ শট নিয়ে কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে বার্সা। নিউক্যাসলের ১৬ শটের চারটি ছিল লক্ষ্যে। চতুর্থ মিনিটেই সান্দ্রো তোনালির হেড ধরতে গিয়ে তালগোল পাকান গোলরক্ষক হোয়ান গার্সিয়া। গোললাইন থেকে বল ফিরিয়ে বার্সাকে বাঁচান পাউ কুবার্সি।
৭৪ মিনিটে বার্সেলোনার জালে জোয়েলিনটন বল পাঠালেও অফসাইডের জন্য গোল পায়নি নিউক্যাসল। অবশেষে ৮৬তম মিনিটে বার্সার রক্ষণের প্রতিরোধ ভেঙে মার্ফির ক্রসে গোল করে গ্যালারি মাতান হার্ভে বার্নেস। শেষ বেলার পেনাল্টিতে অবশ্য থেমে যায় এই উৎসব।
গালাতাসারাই ১ : ০ লিভারপুল
লিভারপুলের ডাগআউটে ম্যাচটা ছিল কোচ আর্নে স্লটের ১০০তম। মাইলফলকের সেই ম্যাচে গালাতাসারাইয়ের কাছে ১-০ গোলে হারল অলরেডরা। চ্যাম্পিয়নস লিগে এবারের লিগ পর্বেও তুরস্কের ক্লাবটির মাঠে ১-০ গোলে হেরেছিল তারা।
৫৩ শতাংশের বেশি সময় বল দখলে রেখে পোস্টে ১৫টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রেখেছিল লিভারপুল। সমান ১৫ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখে গালাতাসারাই। ম্যাচের একমাত্র গোলটি সপ্তম মিনিটে।
কর্নার থেকে ভেসে আসা বলে হেডে বল জালে জড়ান মারিও লেমিনা। দ্বিতীয়ার্ধে ভিক্টর ওসিমেন বল জালে পাঠালেও অফসাইডের জন্য গোল পায়নি গালাতাসারাই। ভিএআরে লিভারপুলের একটি গোলও বাতিল হয় ভিএআরে।
আবারও লিভারপুলকে হারিয়েছে গালাতাসারাই। ছবি: সংগৃহীত
গোল বাতিল নিয়ে আর্নে স্লটের হতাশা , ‘গোল বাতিলটা কি সঠিক সিদ্ধান্ত? অন্যদের কাছে অন্যরকম কথাও শুনেছি। যাই হোক, ১–০ গোলে পিছিয়ে পরের লেগ শুরু করব আমরা। কাজটা সহজ নয়।’
বায়ার্ন-আতলেতিকোর গোল উৎসব
চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। আতালান্তাকে ৬–১ গোলে বিধ্বস্ত করেছে তারা। হ্যারি কেইন না খেললেও প্রভাব পড়েনি ম্যাচে। বায়ার্নের হয়ে জোড়া গোল করেন মাইকেল ওলিসে। একটি করে গোল জোসিপ স্টানিসিক, সের্হে জিনাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালার।
ফল
আতালান্তা ১ : ৬ বায়ার্ন
আতলেতিকো ৫ : ২ টটেনহাম
জোড়া গোল করেছেন আলভারেজ। ছবি : সংগৃহীত
অপর ম্যাচে টটেনহামকে ৫–২ গোলে উড়িয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। নিজেদের মাঠ মেত্রোপলিতানোয় আতলেতিকোর হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ।
একটি করে গোল মার্কোস লরেন্তে, আতোয়াঁন গ্রিজমান ও রবিন লে নরমান্দের। বড় জয়ে খুশি হলেও মুভিস্টার প্লাসকে ম্যাচ শেষে আলভারেজ বলেছেন,‘তিন গোলে এগিয়ে থাকায় আমি খুশি। তবে এখনো ৯০ মিনিট বাকি।’

