আগামীর সময়

ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, তবে…

ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, তবে…

ব্রাজিলেল প্রাথমিক দলে ডাক পেয়েছেন নেইসার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জিততে ‘এক্স ফ্যাক্টর’ দরকার। ব্রাজিলের সেই এক্স ফ্যাক্টর নেইমার। কোচ কার্লো আনচেলোত্তিও চান নেইমারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে। কিন্তু বারবার এই তারকার চোটে পড়াটা ভেঙে দিতে পারে ধৈর্যের বাঁধ।


ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ ও ‘ইউওএল’ জানিয়েছে ,বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রাথমিক দলে নেইমারকে রেখেছেন আনচেলোত্তি। সেই সংবাদমাধ্যম দুটিই আবার শঙ্কা প্রকাশ করেছে, প্রাথমিক স্কোয়াডে থাকলেও চূড়ান্ত দলে নেইমারের না থাকা নিয়ে।


কারণ চূড়ান্ত দল ঘোষণার আগে সান্তোসের ম্যাচ দেখতে বাংলাদেশ সময় ১১ মার্চ ভোরে মিরাসলের স্টেডিয়ামে যাবেন আনচেলোত্তি। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে এদিন মিরাসলের মুখোমুখি হবে সান্তোস। অথচ এই ম্যাচেই কিনা সান্তোস খেলাবে না নেইমারকে!


মাংসপেশিতে চোটের জন্য পুরো ফিট না হওয়ায় ম্যাচটি খেলবেন না নেইমার। চোটের ব্যাপারটি নেইমার জানানোর পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় সান্তোস। তবে রয়টার্স জানিয়েছে, নেইমারের না খেলাটা সিবিএফ ও আনচেলত্তিকে বিস্মিত এবং হতাশ করেছে।


এর প্রভাব পড়তে পারে চূড়ান্ত দল ঘোষণায়। কারণ প্রস্তুতি ম্যাচের আগে নেইমারকে পর্যবেক্ষণ করতে পারলেন না আনচেলোত্তি। আগামী সোমবার প্রীতি ম্যাচ দুটির জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন তিনি।


নেইমার মাঠে নামবেন আগামী রবিবার সিরি আতে করিন্থিয়ান্সের বিপক্ষে। সেই ম্যাচে আবার গ্যালারিতে থাকবেন না আনচেলত্তি। সান্তোস-করিন্থিয়ান্স ম্যাচটি দেখতে গ্যালারিতে থাকবেন ব্রাজিল জাতীয় দলের সহকারী কোচ মিনো ফুলকো ও গোলকিপিং কোচ ক্লদিও তাফারেল।


গত ২৭ ফেব্রুয়ারি ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে জোড়া গোল করেছিলেন নেইমার। তবে এরপর আর মাঠে নামেননি তিনি। এমনকি গত সপ্তাহে সান্তোসের মাঠে করেননি অনুশীলনও। তবে গত রবিবার সতীর্থদের সঙ্গে দলীয় কৌশলগত অনুশীলনে অংশ নেন নেইমার।


নেইমার সর্বশেষ ব্রাজিল জাতীয় দলে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। বাংলাদেশ সময় ২৬ মার্চ ফ্রান্স আর ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের জার্সিতে তার খেলা হয় কিনা, সেটাই দেখার।


    শেয়ার করুন: