সিটির মাঠে ১১ বছর ধরে জয়হীন আর্সেনাল

সংগৃহীত ছবি
মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে শীর্ষে থাকা আর্সেনাল। হারলেই শিরোপা লড়াইয়ে তারা ব্যাকফুটে চলে যাবে। সঙ্গে যোগ হয়েছে সিটির ঘরের মাঠের অতীত ইতিহাসও। লিগে ইতিহাদে ১১ বছর ধরে জয়হীন আর্সেনাল কি এবার সৌভাগ্যের ছোঁয়া পাবে?
ইতিহাদে প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনাল সর্বশেষ হেসেছিল ২০১৫ সালের ১৮ জানুয়ারি। সিটিজেনদের সেবার ২-০ গোলে হারিয়ে জয় নিয়ে বাড়ি ফিরেছিল গানার্সরা। এরপর পেরিয়ে গেছে ১১ বছর। লম্বা এই সময়ে প্রতি মৌসুমেই ইতিহাদে খেলতে গেছে আর্সেনাল। প্রতিবারই তাদের ফিরতে হয়েছে খালি হাতে।
সিটির মাঠে শেষ ১০ ম্যাচে ৭ বারই হেরেছে আর্সেনাল। ৭০ শতাংশ হারের বোঝা মাথায় নিয়েই এই মৌসুমের কার্যত শিরোপা লড়াইয়ের ম্যাচ খেলতে ইতিহাদে যাচ্ছে মিকেল আর্তেতার দল। ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে আর্সেনালের নাকের ডগা থেকে শিরোপা ছিনিয়ে নিয়েছিল সিটি। ইতিহাদে আজ যদি আর্সেনাল ২০১৫ সালকে ফিরিয়ে আনতে না পারে, তাহলে এবারও একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যেতে পারে।
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা তাই সবটুকু উজাড় করেই ফুটবলারদের জয় ছিনিয়ে আনার আহ্বান জানিয়েছেন, ‘মাঠে সবটুকু দিয়েই লড়াই করতে হবে। দলের ওপর আমার ভরসা আছে। আমরা নিজেদের শক্তি সম্পর্কে জানি, শুধু সেটা প্রমাণ করতে হবে।’
২২ বছর ধরে লিগ শিরোপা ছুঁয়ে দেখা হয়নি গানার্সদের। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান আর্তেতা, ‘আমরা এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলছি, যাদের বিপক্ষে সেরা খেলাটাই খেলতে হবে। লিগের এমন সময়ে আমরা এরকম একটা অবস্থানেই থাকতে চেয়েছিলাম, যেখানে নিজেদের ভাগ্য আমাদেরই হাতে। আমি শিরোপা জয়ের ব্যাপারে ইতিবাচক ধারণাই রাখছি।’
আজ বাংলাদেশ সময় রাত ৯টায় প্রিমিয়ার লিগের মহারণে মুখোমুখি সিটি-আর্সেনাল। আজকের ম্যাচ জিতেই কি শিরোপায় এক হাত দিয়ে রাখবে আর্সেনাল? নাকি গত ১১ বছরের মতো এবারও হতাশা নিয়ে বাড়ি ফিরতে হবে? জানা যাবে আর কয়েকঘণ্টা পর।



